শিরোনাম

চুয়াডাঙ্গা, ১ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ দর্শনা সীমান্তে ৩৯ পিস স্বর্ণের বার সহ রবিউল ইসলাম (৩৪) নামের একব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে স্বর্ণ সহ ওই ব্যক্তিকে আটক করা হয় বলে বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা গেছে।
এ ঘটনায় আটককৃত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আহমেদ আলী বিশ্বাস।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলার দর্শনা থানার পারকেষ্টপুর সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি টহল দল গোপনে ওই এলাকায় অবস্থান করে। আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে সীমান্তের ৭৮ নং মেইন পিলারের নিকট দিয়ে একব্যক্তি মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় বিজিবি সদস্যরা রবিউল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম স্বীকার করেন, জব্দকৃত স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল।
জব্দকৃত স্বর্ণের ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এছাড়াও আটক ব্যক্তির কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।