শিরোনাম

নরসিংদী, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার মনোহরদী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন খাল খনন ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি বরাদ্দকৃত অর্থের প্রায় অর্ধেক সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
মনোহরদী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলার মহিষাখালী ও গঙ্গাজলী খালের খনন ও পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়েছে। অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী মহিষাখালী খালের ১ দশমিক ৬২ কিলোমিটার এবং গঙ্গাজলী খালের ২ দশমিক ১০ কিলোমিটার সহ মোট ৩ দশমিক ৭২ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।
এ কর্মসূচির জন্য সরকার ৯৫ লাখ ৮৭ হাজার ৩৩ টাকা বরাদ্দ দেয়। উপজেলা প্রশাসনের দক্ষ পরিকল্পনা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে ৪৭ লাখ ৬৫ হাজার ৯৯৬ টাকা সাশ্রয় হয়, যা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান জানান, এ কর্মসূচির লক্ষ্য ছিল নির্ধারিত মান বজায় রেখে জনস্বার্থে সর্বোচ্চ সুফল এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। কাজ শেষে সাশ্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়া হয়েছে।