বাসস
  ০১ আগস্ট ২০২৬, ২০:৩৮

শেরপুরে অসুস্থ গরু জবাইয়ের অপরাধে চার মাংস বিক্রেতাকে জরিমানা

শেরপুর, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : শেরপুরে মৃতপ্রায় ও অসুস্থ গরু জবাইয়ের অপরাধে লালন মিয়া (৪৫) নামে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই দিন পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাইয়ের দায়ে আরও তিন মাংস বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

আজ শনিবার সকালে নালিতাবাড়ী শহরের দক্ষিণ ও আড়াইআনি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোরে একটি ভটভটিতে করে অসুস্থ ও মৃতপ্রায় একটি গরু দক্ষিণ বাজারের মাংস মহলে আনা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রশাসন ও গণমাধ্যমকে অবহিত করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় গরুটি গুরুতর অসুস্থ ও মৃতপ্রায় ছিল বলে নিশ্চিত হওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া অসুস্থ গরু জবাইয়ের দায়ে ‘লালন ভাইয়ের মাংসের দোকান’  কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, একই প্রতিষ্ঠান আগে ‘হাফিজ ভাইয়ের মাংসের দোকান’ নামে পরিচালিত হতো। এর আগেও অসুস্থ গরু জবাইয়ের দায়ে দোকানটিকে জরিমানা এবং মাংস জব্দ করা হয়েছিল।

একই দিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মাংস বিক্রির দায়ে উপজেলা শহরের দক্ষিণ বাজারের ‘বাবুলের মাংসের দোকান’, আড়াইআনী বাজারের ‘সাইফুলের মাংসের দোকান’ এবং ‘আল্লাহর দান মাংসের দোকানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, ভেটেরিনারি সার্জন সাগর আহমেদ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।