শিরোনাম

নড়াইল, ৩০ জুলাই, ২০২৬ (বাসস): জেলার কালিয়ায় সড়ক দুর্ঘটনায় রাহুল মুছল্লী (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম হোসেনের বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুল মুছল্লী কালিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাবুল মুছল্লীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রাহুল মুছল্লী ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে সালামাবাদ সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে সাবেক চেয়ারম্যান শামীম হোসেনের বাড়ির কাছে পৌঁছালে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে গর্তে পড়ে যায়। এ সময় চালক রাহুল ছিটকে পড়ে মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।
স্থানীয় লোকজন রাহুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।