শিরোনাম

সিরাজগঞ্জ, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : সিরাজগঞ্জকে সৌন্দর্য বর্ধন ও সবুজায়নের জন্য সিরাজগঞ্জ পৌর এলাকার বাজার স্টেশন কড়িতলা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন গেটের সামনে পর্যন্ত বৃক্ষরোপণ করলেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাবেক কাউন্সিলর হাজী মো. আব্দুস সাত্তার।
শনিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর এলাকার বাজার স্টেশন কড়িতলায় বৃক্ষরোপণের উদ্বোধন করেন, সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার।
সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সিরাজগঞ্জ সদর উপজেলা ও শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজায়নের জন্য সারা শহরেই বৃক্ষরোপণ করা হবে।
গত ২৭ এপ্রিল থেকে বৃক্ষরোপণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা শহরেই বৃক্ষরোপণ করা হবে।
এ বিষয়ে সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার বলেন, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিরাজগঞ্জের কৃতি সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশে সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজায়নের জন্য গাছ রোপণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী সারাদেশের মানুষকেই পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন। সেই জন্যই সাত্তার ফাউন্ডেশন পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ কাজ শুরু করেছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন, সাত্তার ফাউন্ডেশন ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে। কে কোন ধর্মের সেটা আমাদের মূল বিষয় নয়। আমাদের মূল বিষয় সে মানুষ কি-না। আমাদের কাজ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সকল কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ মানুষকে সৃস্টি করেছেন মানবতার কল্যাণে কাজ করার জন্য। তাই আসুন, আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করি। আমাদের সকলের উচিৎ এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বাড়ীর আশপাশে গাছের চারা রোপণ করা।
তিনি আরও বলেন, গাছ মানুষের পরম বন্ধু, বিনা প্রয়োজনে গাছ কর্তন করা ঠিক না। একটি গাছ কর্তন করলে আমাদের উচিৎ পাঁচটি গাছ রোপণ করা।