বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৭:০৩

ভোলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

ছবি : বাসস

ভোলা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল ১০ টায় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এ র‌্যালিতে অংশ নেন। ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং পরস্পরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

র‌্যালি শেষে শহরের কালীনাথ রায়ের বাজারের মহাজনপট্টিতে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। 

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, কবির হোসেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, জাকির হোসেন মনির, ওমর ফারুক ও সপন গোলাদারসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

এ সময় নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ এবং গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

র‌্যালিকে ঘিরে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।