শিরোনাম

সাতক্ষীরা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলায় আজ বন বিভাগের অভিযানকালে সুন্দরবন থেকে সংগৃহীত ৭৭ বস্তা ঝিনুক জব্দ করা হয়েছে। পরে ঝিনুকগুলো সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত কারা হয়।
আজ শুক্রবার বিকালে শ্যামনগর উপজেলার নওয়াঁবেকি এলাকা থেকে এসব ঝিনুক জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে অবৈধভাবে সংগৃহীত বিপুল পরিমাণ ঝিনুক নওয়াঁবেকি এলাকা দিয়ে পাচার করা হচ্ছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে বন বিভাগের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে ৭৭ বস্তা ঝিনুক জব্দ করা হয়। বন বিভাগের সদস্যরা পরে জব্দকৃত ঝিনুকগুলো সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করেন।
এ সময় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ, মুন্সীগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ, সাতক্ষীরার বন মামলা পরিচালক ফরেস্টার জিয়াউর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম.এ হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ জানান, অবৈধভাবে সংগ্রহ করা ঝিনুকগুলো উদ্ধারের পর বন আদালত এর আদেশক্রমে পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে সেগুলোকে পুনরায় প্রাকৃতিক আবাসস্থল সুন্দবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরো জানান, অবৈধভাবে ঝিনুক সংগ্রহ ও পাচার রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।