বাসস
  ২৪ জুলাই ২০২৬, ২১:০০

রাঙ্গামাটিতে ফিরতি রথযাত্রা 

ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৪ জুলাই ২০২৬ (বাসস): জেলায় আজ গীতাপাঠ, নাম কীর্তন, ধর্মীয় সংগীত ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শেষে ভক্তকুলকে কাঁদিয়ে মাসির বাড়ি থেকে নন্দালয়ে যাত্রা করেছেন জগন্নাথ দেব, বলরাম ও শুভদ্রা মা। 

সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা এই যাত্রাকে ফিরতি রথযাত্রা বলে আখ্যায়িত করেন। 

ফিরতি রথযাত্রা উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে রাঙ্গামাটি রাধা রাসবিহারী ধাম, শ্রী শ্রী গীতাশ্রম ও নানিয়ারচর জগন্নাথ মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনভর ঠাকুরের ভোগের মাধ্যমে ঠাকুরকে নিবেদন করেছেন সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষ।

শুক্রবার দুপুরে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে ফিরতি রথের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান।

ফিরতি রথযাত্রার পৌরহিত্য করেন করেন শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের পুরোহিত পুলক চক্রবর্তী।

এ সময় সাবেক প্যানেল মেয়র হেলাল উদ্দিন, গীতাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার সহ ধর্মপ্রাণ নরনারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে শ্রী শ্রী গীতাশ্রম মন্দির থেকে তবলছড়ি গৌর নিতাই মন্দিরে নিয়ে গিয়ে রথযাত্রার সমাপ্তি ঘটে।

এদিকে, বনরূপা রাধারাস বিহারী ধামের মন্দির থেকে ভগবান জগন্নাথ দেব, বলরাম ও শুভদ্রা মাকে নিয়ে নন্দালয় রাঙ্গাপানি রাধা রাস বিহারী ধামের নিয়ে যাওয়া হয়েছে।

বনরূপা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ রথের দড়ি টেনে ভগবানকে মাসির বাড়ী থেকে নিজ গৃহে ফিরিয়ে নিয়ে যান। 

এদিন ফিরতি রথযাত্রাকে ঘিরে রাঙ্গামাটি উৎসবের নগরীতে পরিণত হয়।