বাসস
  ২৪ জুলাই ২০২৬, ১৫:৪৭

সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ 

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করে জেলা পরিষদ। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২৪ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ।

সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আজ শুক্রবার বেলা ১১টায় জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২৩ জন বীর মুক্তিযোদ্ধা, ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং ৪১ জন অসহায় রোগীর হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদান এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা নিশ্চিতে এ ধরনের অনুদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।