বাসস
  ২৪ জুলাই ২০২৬, ১৫:১০
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৫:৫৬

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: আইএসপিআর

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ (বাসস) : নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি নৌ সদর দপ্তরে পৌঁছালে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে অভ্যর্থনা জানান। এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। 

এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিশাল সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলা এবং নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে নৌবাহিনী প্রধান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গতকাল (২৩ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।