বাসস
  ২৪ জুলাই ২০২৬, ১১:৩০

খুলনায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি : বাসস

খুলনা, ২৪ জুলাই, ২০২৬ (বাসস) : খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় সংলগ্ন মতিয়াখালী খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ৩১ নম্বর ওয়ার্ড এলাকার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন| প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খুলনা মহানগরীতে কেসিসি এ কর্মসূচি বাস্তবায়ন করছে|

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মো. অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন|

এ সময় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বনায়নের কোন বিকল্প নেই| খালের পাড়ে বনায়ন হলে একদিকে যেমন শোভাবর্ধন হবে, অন্যদিকে পরিবেশও ভালো থাকবে| এভাবে নগরীর প্রতিটি খালের দু’পাশেই বৃক্ষরোপণ করা হবে বলে উল্লেখ করে তিনি এসব গাছ রক্ষায় স্থানীয় নাগরিকদের সহযোগিতার আহ্বান জানান|

পরে প্রশাসক নগরীর দক্ষিণ টুটপাড়া মেইন রোডসহ ২ নম্বর ক্রস রোড, মতিয়াখালী মেইন রোড, লবনচরা স্লুইসগেট, ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারি কাঁচা বাজার, বাইতিপাড়া, সিমেট্রি রোড, ধর্মসভা ক্রস রোডের পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন|