শিরোনাম

সিরাজগঞ্জ, ২২ জুলাই, ২০২৬, (বাসস) : জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম।
বর্ণাঢ্য কর্মজীবন ও শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারকে ভূষিত করা হয়েছে।
দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সিরাজগঞ্জ আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মো. শরীফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান।
এর আগেও ২০১৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে কারিগরি শিক্ষায় উপজেলা, জেলা ও রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম।
পাশাপাশি তিনি বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, সিট পলিটেকনিক ও মেডিকেল ইনস্টিটিউট সিরাজগঞ্জের পরিচালক (প্রশাসন), তাড়াশ কল্যাণ সমিতি সিরাজগঞ্জের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ও এইচটিটিআই রাজশাহীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করে বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত রয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি শেষ করে মো. শরীফুল ইসলাম কারিগরি শিক্ষা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ২০০১ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী এলাকায় প্রতিষ্ঠা করেন ‘ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ’।
প্রতিষ্ঠানটি অল্পদিনেই ব্যাপক সুনাম অর্জন করে। পরবর্তীতে শিক্ষার গুণগতমান বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০০৪ সালের ১ মে প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করেন।
বর্তমানে এই প্রতিষ্ঠানের চারদিক বাউন্ডারি বেষ্টিত সুন্দর ও মনোরম পরিবেশে চলছে বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম, নিজস্ব কেন্দ্রে পরীক্ষা গ্রহণ, সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠাটি উত্তরবঙ্গের একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এ বিষয়ে শরীফুল ইসলাম বলেন, শিক্ষক-কর্মচবারীদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টা ও সুশাসনের কারণে শিক্ষার মানোন্নয়নে ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির জন্য গর্বের এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমে আরও অগ্রগতির অনুপ্রেরণা হয়ে থাকবে।