শিরোনাম

শেরপুর, ২২ জুলাই ২০২৬ (বাসস): জেলা প্রশাসকের কার্যালয়ের গণশুনানিতে এসে হুইল চেয়ার পেয়েছে৭ বছর বয়সি প্রতিবন্ধী শিশু মানসুরা।
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
উপকারভোগী শিশু শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের কামারিয়া এলাকার বাসিন্দা মানিক মিয়া ও রুনা আক্তারের সন্তান।
হুইল চেয়ার পেয়ে শিশু মানসুরার মা রুনা আক্তার (২৮) বলেন, ‘আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধী। সে চলাফেরা করতে পারে না। তাই জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানিতে জেলা প্রশাসকের সাথে দেখা করে মেয়েটির জন্য একটি হুইল চেয়ারের আবেদন করি। এদিকে আবেদনের পরই জেলা প্রশাসক আমাদের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। এটি পেয়ে আমি এবং আমার পরিবার খুবই আনন্দিত।’
এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, গণশুনানিতে প্রতি সপ্তাহেই অসহায় মানুষের কথা শুনে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় আজ এই ফুটফুটে প্রতিবন্ধী শিশুটির জন্য একটি হুইল চেয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে শিশুটির মায়ের কাজকর্মে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।