শিরোনাম

সাতক্ষীরা, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
জব্দকৃত মোবাইল ফোনের যন্ত্রাংশের মূল্য আনুমানিক ৯ লাখ ৪২ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার হিজলদী ও তলুইগাছা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী নামক স্থান হতে আনুমানিক ৩ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি নামক স্থান হতে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৯ লাখ ৪২ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।