শিরোনাম

চট্টগ্রাম, ১৩ জুলাই, ২০২৬ (বাসস): নগরীর ২১টি স্লুইস গেট পুরোপুরি সচল হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে প্রকল্প রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় জোরদার করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন সম্মেলন কক্ষে ‘চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন ২১টি স্লুইস গেটের অগ্রগতি এবং প্রকল্পটি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের মধ্যেও চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে। দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।
তিনি বলেন, সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী। সাম্প্রতিক অতিবৃষ্টির সময়ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম এবং জনপ্রতিনিধিদের তৎপরতায় নগরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে। একইসঙ্গে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, ১ হাজার ৬২০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে প্রকল্পটি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে স্লুইস গেটগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন মতামত তুলে ধরেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।