বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১৯:০২

বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি : মন্ত্রণালয়

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস): বাংলাদেশি হাজিদের হজের ব্যয় কমাতে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ার সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আফরোজা খানম বলেন, হজযাত্রার বিমান ভাড়ার ওপর সৌদি কর্তৃপক্ষের আরোপিত কর ও বিভিন্ন মাশুল কমানো হলে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি হাজি উপকৃত হবেন। তিনি এ বিষয়ে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশি হাজিদের সেবার মান উন্নয়ন এবং হজকে আরও সাশ্রয়ী করতে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত ‘ক্যাটাগরি ডি’ আবাসন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে এ ব্যবস্থা পুনর্বহালের অনুরোধ জানান।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।