শিরোনাম

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের উদ্যোগে যৌন হয়রানি ও নিপীড়নমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণের লক্ষ্যে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৬’-আলোকে একটি বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বায়েজিদ আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তখন সে পশু হয়ে যায়, আর যৌন নিপীড়ন মানুষকে পশু বানিয়ে তোলে। র্যাগিংও এক ধরনের নিপীড়ন। আমরা ক্যাম্পাসে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সব ধরনের নিপীড়ন দূর করতে বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগেই পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হবে এবং যৌন নিপীড়ন বিরোধী কমিটিকে আরও কার্যকরভাবে পুনর্গঠন করা হবে।’
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমীন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ও জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া।
কর্মশালায় প্রধান আলোচক ছিলেন যৌন নিপীড়ন বিরোধী কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আহমেদ।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।