বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১৯:৫২

ফেনীতে তিনটি ইটভাটার মালিককে ১৫ লাখ টাকা জরিমানা

ফেনী, ১৩ জুলাই, ২০২৬ (বাসস): জেলার ছাগলনাইয়া উপজেলার তিনটি ইটভাটার মালিককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ইটভাটা পরিচালনা ও ফসলি জমির মাটি কেটে জমির টফসয়েলের উর্বরতা নষ্ট করার অপরাধে উপজেলার মেসার্স সততা ব্রিকস, মেসার্স জামাল ব্রিকস ও মেসার্স কামাল ব্রিকসের নামে ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বাদী হয়ে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ৩টি এনফোর্সমেন্ট মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে আজ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে তিনটি ইটভাটা মালিকের উপস্থিতিতে শুনানির মাধ্যমে অপরাধ প্রমাণিত হওয়ায় সততা ব্রিকসকে ৫ লাখ, জামাল ব্রিকসকে ৫ লাখ এবং কামাল ব্রিকসকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বাসসকে বলেন, ক্ষতিপূরণ বাবদ জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা কয়েক ধাপে সরকারের কোষাগারে নির্দিষ্ট সময়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।