বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৪:১৯

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রোববার এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন জাতীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।’ 

জহির উদ্দিন স্বপন বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। জাতীয় সংসদের স্পিকার হিসেবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তিনি যে বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন, জাতি তা সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তথ্যমন্ত্রী শোকবার্তায় মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।