বাসস
  ১২ জুলাই ২০২৬, ০১:০২

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে দেখতে হাসপাতালে ডেপুটি স্পিকার 

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে দেখতে হাসপাতালে ডেপুটি স্পিকার। ছবি : বাসস

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অসুস্থ সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

ডেপুটি স্পিকার আজ শনিবার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে দেখতে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান। তিনি সাবেক স্পিকারের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাবেক স্পিকারের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বলেন, ‘মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতি ও সংসদীয় গণতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সুস্থতা শুধু তার নিজের পরিবারের জন্যই নয়, দেশবাসীর জন্যও অত্যন্ত কাম্য। তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার মুহাম্মদ নওফল জমির, নিকট আত্মীয়স্বজন, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।