শিরোনাম

লালমনিরহাট, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ প্রকল্পের আওতায় অনুদান প্রদান করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের ১৮টি মসজিদে মোট ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ শনিবার কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বরাদ্দ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল।
অনুষ্ঠানে জানানো হয়, বরাদ্দপ্রাপ্ত ১৬টি মসজিদকে তিন লাখ টাকা করে এবং দুটি মসজিদকে চার লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বরাদ্দের চেক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান শুধু ইবাদতের স্থান নয়, সামাজিক সম্প্রীতি, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি বরাদ্দের অর্থ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যয় করে প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস, দুই উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে অংশ নেওয়া ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ অনুদানকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এই বরাদ্দের মাধ্যমে অনেক প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।