বাসস
  ০৮ জুলাই ২০২৬, ১৬:৫৫

মেহেরপুরে গরু বোঝাই ট্রলি উল্টে নিহত ১, আহত ১০

মেহেরপুর,  ৮ জুলাই ২০২৬ (বাসস): জেলার গাংনীতে গরু বোঝাই ট্রলি উল্টে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। এ সময় ট্রলিতে থাকা আরও ১০ জন আহত হয়েছেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার রাইপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র।

আহতরা হলেন, মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের ইসমাইল হোসেন (৪৫), সাবদার আলী (৫০), রফিকুল ইসলাম (৫০); চকশ্যামনগর গ্রামের কবির হোসেন (৫০), ওসমান আলী (৪৮), ইসরাফিল হোসেন (৫০), সদর উপজেলার যাদবপুর গ্রামের নাজমুল হোসেন (৩৫), বামনপাড়া গ্রামের রাজা হোসেন (৪০), শহিদুল ইসলাম (৩৫) এবং রাধাকান্তপুর গ্রামের লিটন আহমেদ (৩৫)।

আহত শহিদুল ইসলাম জানান, তারা মেহেরপুর থেকে গরু বোঝাই ট্রলি নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পশুর হাটে যাচ্ছিলেন। পথে রাইপুর বাজারে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক উজ্জ্বল হোসেন নিহত হন এবং ট্রলিতে থাকা অপর ১০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় যাওয়ার পথে হঠাৎ গরু বোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রলির নিচে মানুষ ও গরু চাপা পড়ে। পরে ট্রলিটি সরিয়ে আহতদের উদ্ধার করে এবং দড়ি কেটে গরুগুলোকে বের করা হয়। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মাসুদুর রহমান জানান, উজ্জ্বল হোসেনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাদ্দেদ মোর্শেদ চৌধুরী জানান, গরু বোঝাই ট্রলি উল্টে একজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।