শিরোনাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : পাহাড়-সমতলের প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
তিনি বলেন, রঁদেভূ শিল্পীগোষ্ঠী তাদের শিল্পসত্তার জীবন ও সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে ক্যাম্পাসের বৈচিত্র্যতাকে সমৃদ্ধ করছে। এসময় পাহাড়-সমতলের প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় জোর দেওয়ার আহ্বান জানান।
আজ বিকেলে চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ‘রঁদেভূ শিল্পীগোষ্ঠী’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সংগঠনের সভাপতি জাল্লাং এনরিকো কুবির সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক শ্রেয়া তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুম ঈসটেটিকস কাউন্সিলের (জাক) সভাপতি শিশির চাকমা, চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়নের সভাপতি মংক্য শোয়েনু নেভী, চবি পাহাড়ী এলামনাই এসোসিয়েশনের সভাপতি গৈরিকা চাকমা এবং চবি শাখা পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রিবেক চাকমা।
এসময় বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকারহীনতা ও সাংস্কৃতিক আগ্রাসনের চিত্র তুলে ধরে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও স্বকীয় জীবনধারা চর্চায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে রঁদেভূ শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় পাহাড় ও সমতলের ঐতিহ্যবাহী গান ও নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।