শিরোনাম

শেরপুর, ৭ জুলাই, ২০২৬, (বাসস) : জেলা কারাগার পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা কারাগার পরিদর্শনকালে তিনি কারাবন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় সায়রা বানু নামের এক ভারতীয় কারাবন্দীর প্রত্যাবাসনের লক্ষে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তা গ্রহণের জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি তিনি অন্যান্য কারাবন্দীর ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ প্রদান করেন।
এ ছাড়া জেলা প্রশাসক কারাবন্দীদের প্রতি মানবিক ও সহনশীল আচরণ নিশ্চিত করতে কারারক্ষীদের প্রতি অনুরোধ জানান।
এরপর জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করেন এবং কারাবন্দীদের খাবারের মান যাচাই করেন।
জেলা কারাগার পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেল সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার মুহাম্মদ আব্দুস সেলিমসহ অন্যান্য কারারক্ষীগণ উপস্থিত ছিলেন।