বাসস
  ০৭ জুলাই ২০২৬, ২০:১৩

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জয়পুরহাট, ৭ জুলাই, ২০২৬, (বাসস) : জেলার পাঁচবিবি-হিলি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে পাঁচবিবির বীরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, দুপুরে বীরনগর এলাকা থেকে একটি অটোরিকশা জয়পুরহাটের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এ সময় অটোরিকশার চালকসহ এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও ৩ নারী। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে অটোচালক তৌহিদ হোসেনের বাড়ি পাঁচবিবি বীরনগর এলাকায় এবং অপর নিহত অজ্ঞাত মহিলার বাড়ি একই উপজেলার একই গ্রামে বলে জানা গেছে।

আহতদের মধ্যে পাঁচবিবির বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে।