বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৯:৪৬

দুর্যোগ মোকাবিলায় ফেনী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

ছবি: বাসস

ফেনী, ৭ জুলাই, ২০২৬, (বাসস) : জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম।

এছাড়াও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরীন কান্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্যাহ, পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম মুহাম্মদ নুরুল হোসাইন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.মাহবুব আলম, দৈনিক ফেনীর সময়’র সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি সালাহ উদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, দেশে বৃষ্টির পাশাপাশি সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টি হলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বাসসকে জানান, এখনও নদ নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ত্রিপুরায় বৃষ্টি হলে যেকোনো সময় ফেনীসহ আশপাশের এলাকা প্লাবিত হতে পারে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মনিরা হক বাসসকে বলেন, ৩-৪ দিন জেলায় বৃষ্টি হওয়ায় আমরা জরুরি ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সরকারি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।