বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৭:১১

রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার 

মঙ্গলবার টিটিসি মিলনায়তনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজবাড়ী, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩ টায় রাজবাড়ী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

জেলা প্রশাসক বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হলে বিদেশগামী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, দক্ষতা অর্জন এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার বিষয়ে সচেতন হতে হবে।

দক্ষ জনশক্তি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান। 

তিনি বলেন, দালালের প্রলোভনে না পড়ে সরকারি নিয়ম মেনে বিদেশে গেলে প্রতারণার ঝুঁকি কমে এবং অভিবাসীরা নিরাপদ কর্মসংস্থানের সুযোগ পান। 

বক্তারা বলেন, ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো দেশ’।

টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক, দক্ষতা উন্নয়নের গুরুত্ব ও কর্মসংস্থানের সুযোগ এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের সক্ষমতা বৃদ্ধির বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিটিসির ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর সাইফুল ইসলাম।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, শবিতা রাণী মজুমদার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক শেখ সিফাতিসহ টিটিসির প্রশিক্ষক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।