শিরোনাম

লক্ষ্মীপুর,৭ জুলাই ২০২৬(বাসস): নতুন কোনো করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার উন্নয়নে ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুর পৌর প্রশাসক সম্রাট খীসা আজ দুপুরে পৌরসভা মিলনায়তনে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা। আয়ের সাথে সামঞ্জস্য রেখেই ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৩০ হাজার টাকা। এতে উদ্ধৃত্ত ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা।
পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, এ বাজেট লক্ষ্মীপুর পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের একটি কার্যকর রূপরেখা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও নতুন অর্থবছরে সরকারি প্রকল্প ও বরাদ্দ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনায় তিনি আগামী দিনে পৌরসভার কাক্সিক্ষত উন্নয়নের আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলতাব হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।