শিরোনাম

শরীয়তপুর, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : শিশু ও তরুণদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিযোজন এবং পরিবেশগত সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে অংশীজনের সঙ্গে ‘ক্লাইমেট’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।
প্রধান অতিথি বলেন, ‘আপনারা যখন কোনো কাজ করবেন, জেলা প্রশাসনকে জানাবেন। তাহলে জেলা প্রশাসন এবং অন্যান্য সরকারি দপ্তর আপনাদের প্রয়োজনীয় সহযোগিতা করতে পারবে। শরীয়তপুরে এসডিএস দীর্ঘদিন ধরে প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে। এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
সভায় শিশু ও তরুণদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্পৃক্ত করা, স্থানীয় পর্যায়ে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশগত সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক দাতা সংস্থা Barnfonden Insamlingsstiftelse এর অর্থায়নে ও স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস এর ব্যবস্থাপনা এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীভাঙন, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মেকাবিলায় সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে অভিযোজনমূলক উদ্যোগ জোরদার করা এবং শিশু ও তরুণদের সম্পৃক্তসহ নদীভাঙন প্রবণ এলাকার মানুষের জীবন-জীবিকা ও বসতি রক্ষায় সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।