শিরোনাম

রাঙামাটি, ৭ জুলাই ২০২৬ (বাসস): জেলার লংগদু উপজেলায় বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
আজ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেনসন চাকমা মহাজনপাড়া এলাকার নীল কান্তি চাকমার পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বেনসন চাকমা নিজ বাড়ির বিদ্যুৎ লাইনের সংযোগের কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বাসসকে জানান, আজ সকালে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।