বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৪:৪৫

নেত্রকোণায় কারাবন্দিদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ

আজ জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জেলা কারাগার সরেজমিনে পরিদর্শন করেন। ছবি : বাসস

নেত্রকোণা, ৭ জুলাই ২০২৬ (বাসস): জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান  আজ সকালে নেত্রকোণা জেলা কারাগার সরেজমিনে পরিদর্শন করেছেন।

এসময় তিনি কারাগারের আবাসন ব্যবস্থা, সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন এবং কারাবন্দিদের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। বন্দিদের খাবারের গুণগত মান পর্যবেক্ষণ করতে তিনি কারাগার সংলগ্ন রন্ধনশালা (কিচেন) পরিদর্শন করেন।

তিনি বন্দিদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং কারা কর্তৃপক্ষকে বন্দিদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন| কারাগারের অভ্যন্তরে অবস্থিত গ্রন্থাগারে গিয়ে কারাবন্দিদের বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক নেত্রকোণার অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে জেলা কারাগারের বন্দিদের জন্য আয়োজিত রাজমিস্ত্রি ও টাইলস ফিটিংস প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করেন। তিন মাসব্যাপী এই প্রশিক্ষণে কারাগারের ৩০ জন বন্দি অংশ নেন। 

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, কারাগারকে শুধু শাস্তির জায়গা নয়, বরং 'সংশোধনাগার' হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের এই নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।'

কারাগার পরিদর্শন ও সনদ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এবং নেত্রকোণা জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান।