শিরোনাম

নীলফামারী, ৬ জুলাই, ২০২৬, (বাসস): জেলার ডিমলা উপজেলায় ৫১ বিজিবির নতুন বিওপি (বর্ডার আউট পোস্ট) উদ্বোধন হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে তিস্তা নদী বেষ্টিত পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর সীমান্ত গ্রামে নতুন ওই বিওপির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের উদ্বোধন শেষে বিওপি চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল রুবায়েত হাসান, ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজিউর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের জানান, ডিমলা উপজেলায় তিস্তা নদী বেষ্টিত সীমান্ত কালিগঞ্জ ও থানারহাট নামকস্থানে স্থাপিত দুই বিওপির দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। সীমান্ত সুরক্ষা, আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মানবপাচার ও মাদকের বিস্তার রোধ এবং বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ওই দুই বিওপির মধ্যবর্তী ঝাড়সিংহেশ্বর গ্রামে নতুন আরেকটি বিওপির যাত্রা শুরু হলো। এতে করে সীমান্তে নজরদারি আরও জোরদার হবে।