শিরোনাম

সাতক্ষীরা, ৬ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামালসহ দুই চোরকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার দিনব্যাপী সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, হিজলদী, কাঁকডাঙ্গা ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও বাংলাদেশি একটি ট্রাকসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের মো. আবুল হাসানের ছেলে ট্রাকচালক মো. আফ্রিদি হোসেন (২৩) ও একই এলাকার মো. আনারুল ইসলাম মধুর ছেলে ট্রাকের সহকারী চালক মো. মেহেদী হাসান (২৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানিক দল সদর উপজেলার ভোমরা বিজিবি চেকপোস্ট নামক স্থান থেকে একটি বাংলাদেশি ট্রাক থেকে ১০টি প্লাস্টিকের বোতল ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনাসহ ট্রাকচালক আফ্রিদি ও তার সহকারী মেহেদীকে আটক করা হয়। এসময় জব্দ করা বাংলাদেশি ট্রাকটি।
এছাড়া, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালি মোড় নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কেড়াগাছি নামক স্থান থেকে ভারতীয় ওষুধ এবং বাঁকাল চেকপোস্ট এর আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ৬৬ লাখ ৬ হাজার ৬০০ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।