শিরোনাম

গাজীপুর, ৬ জুলাই, ২০২৬, (বাসস): গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, দেশের সাধারণ মানুষ, বিশেষ করে গরিব-অসহায় ও সুবিধাবঞ্চিতরা ইতোমধ্যেই সরকারের সুফল পেতে শুরু করেছেন।
বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার কাজ।
তিনি বলেন, আগামীতে একটি সমৃদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে।
আজ সোমবার সকালে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এক মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ৩০০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর চাল বিতরণ করা হয়।