বাসস
  ০৬ জুলাই ২০২৬, ১৮:০৮

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনচালক নিহত

ভোলা, ৬ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার বোরহানউদ্দিনে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক মো. সজিব (২৪) নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহ-সড়কের কুঞ্জের হাট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সজিব নসিমন নিয়ে বোরহানউদ্দিন উপজেলা থেকে ডাওরী নামক বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কুঞ্জের হাট বটতলা মসজিদের সামনে পৌঁছালে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে নসিমনটি সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাসসকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।