শিরোনাম

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস): গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের কারণে আগামীকাল মঙ্গলবার গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ ১৬ ঘণ্টা বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমূদিনী পর্যন্ত ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস সঞ্চালন লাইনের টাই-ইন কাজ চলবে। এ কারণে ওই সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ফলে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন।
এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।