বাসস
  ০৬ জুলাই ২০২৬, ১৭:৪৯

কিশোরগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জ, ৬ জুলাই, ২০২৬ (বাসস): জেলার পাকুন্দিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে উপজেলার সুখিয়া এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপের চালকসহ তিনজন নিহত, ২ জন আহত এবং ৬টি গরুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার পুনদাই মাদ্রাসা এলাকার আবু সাঈদের ছেলে বিল্লাল হোসেন (৪৫), আবদুস ছোবহানের ছেলে খুরশেদ (৬০) ও একই এলাকার পিকআপচালক খোকন (৩৯)।

পাকুন্দিয়া থানার এসআই মো. সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার সুখিয়া বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অনন্যা ক্লাসিক পরিবহনের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে পিকআপের চালকসহ সামনে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। ঘটনায় পিকআপের পেছনে থাকা দুইজন গুরুতর আহত হন। এছাড়াও পিকআপে থাকা ছোট-বড় মিলিয়ে ৬টি গরু মারা যায়। দুর্ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।