শিরোনাম

রাজবাড়ী, ৬ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
আজ সোমবার দুপুর ৩টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজবাড়ীর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণের চেক এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের নেতৃত্বে জেলা প্রশাসকের আম্রকানন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আম্রকাননে গিয়ে শেষ হয়।

র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
প্রধান অতিথি দেশের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন সভায়। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, রেডক্রিসেন্টের সহ-সভাপতি অধ্যাপক মনজুরুল আলম দুলাল প্রমুখ।
সহকারী কমিশনার রায়হানুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), রাজবাড়ীর উপ-পরিচালক লুৎফুন নাহার।
বিআরডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলায় এ সংস্থাটির প্রায় ৪৫ হাজারের বেশি সদস্য রয়েছে। এ বছর ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকার ঋণ বিতরণ করেছে।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।