শিরোনাম

নেত্রকোণা, ৬ জুলাই, ২০২৬ (বাসস) : ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জেলায় র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জেলা দপ্তর, নেত্রকোণার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসব স্টলে স্থানীয় গ্রামীণ নারী ও উদ্যোক্তাদের উৎপাদিত বাঁশ-বেতের তৈরি বিভিন্ন হস্তশিল্প এবং নান্দনিক নকশিকাঁথা ও বুটিকের কাজ ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন অতিথিবৃন্দ।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মো. নুরুজ্জামান এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, বিআরডিবি নেত্রকোণার উপ-পরিচালক সজল চন্দ্র সূত্রধর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনপদের টেকসই উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। সরকারের বিভিন্নমুখী পদক্ষেপ ও বিআরডিবির উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর জোর দেন বক্তারা।
সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বিআরডিবির স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।