শিরোনাম

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস): বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশের ব্যাংকিং ও অর্থনৈতিক খাতের সক্ষমতা উন্নয়নে কারিগরি সহায়তা অব্যাহত রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে আর্থিক খাতের আধুনিকায়ন, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের নেতৃত্বে দেশটির হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন ও নির্বাহী পরিচালক মো. সরওয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের চলমান সংস্কার, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে চলমান সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া কয়েকটি ব্যাংকের পুনর্গঠন কার্যক্রম সম্পর্কেও মতবিনিময় করা হয়।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার পূর্ববর্তী কারিগরি সহায়তার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে ‘বাংলা কিউআর’-এর সাম্প্রতিক প্রচারণা কার্যক্রমের প্রশংসা করা হয়।
বৈঠকে উভয় পক্ষ অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক খাতের আধুনিকায়ন, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়।
এছাড়া অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস কর্মসূচির আওতায় অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত অবদান এবং দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে তাদের ভূমিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।