বাসস
  ২৩ জুন ২০২৬, ১৯:৩৯

জয়পুরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

জয়পুরহাট, ২৩ জুন, ২০২৬ (বাসস) : জেলার পাঁচবিবি উপজেলায় আজ পণ্যবাহী ট্রাকের চাপায় রাশেদুল ইসলাম জনি (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট-হিলি সড়কে পাঁচবিবি উপজেলার লাঙ্গলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম জনি জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাশেদুল ইসলাম জনি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে পাঁচবিবি বাসস্ট্যান্ড এলাকায় যান। সেখান থেকে পাঁচবিবি পৌর শহরের পাঁচমাথা মোড়ের দিকে যাওয়ার পথে লাঙ্গলহাটি এলাকায় তার মোটরসাইকেলটি চাকা পিছলে রাস্তায় পড়ে যায়। ওই সময়ই জয়পুরহাট থেকে হিলিগামী একটি মাল বোঝাই ট্রাক রাশেদুল ইসলাম জনিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।