বাসস
  ২৩ জুন ২০২৬, ১৯:৩৭

রাঙ্গামাটিতে বিজিবি’র প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি 

ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৩ জুন ২০২৬ (বাসস): জেলার কাপ্তাই উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) উদ্যোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই ওয়াগ্গা জোন সদর দপ্তর এবং জোনের অধীনস্থ সকল বিওপি, ক্যাম্প, টিওবি -এর বিভিন্ন স্থাপনা এলাকায় প্লাস্টিক বর্জ্য এবং অন্যান্য ময়লা-আবর্জনা সংগ্রহ ও অপসারণের কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাওছার মেহেদি, ভারপ্রাপ্ত এ্যাডজুডেন্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলাম, সহকারী পরিচালক জহুরুল ইসলাম সহ সকল কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকগণ (কর্তব্যরত ব্যতীত) অংশগ্রহণ করেন।

এ ছাড়াও সকল বিওপি, ক্যাম্প, টিওবি কর্তৃক এ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানকালে অপসারণকৃত প্লাস্টিক বর্জ্যগুলো সংগ্রহ করে জমা রাখা হয়, যা ভবিষ্যতে রিসাইকেল করার জন্য পাঠানো হবে।