বাসস
  ২৩ জুন ২০২৬, ১৯:৩৪

নওগাঁয় ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষকের বিদায়

ছবি: বাসস

নওগাঁ, ২৩ জুন ২০২৬ (বাসস) : জেলার বদলগাছীতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে, ঢাক ঢোল বাজিয়ে স্কুলের প্রিয় প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীরা। 

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটক পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে ফুলে সজ্জিত একটি ঘোড়ার গাড়ি। গাড়িতে বসে আছেন সদ্য অবসরে যাওয়া সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার ম-ল। দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও শুভাকাক্সক্ষীরা। কেউ ফুল ছুড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন। আবার অনেকের চোখেই ছিল অশ্রু। এমন আবেগঘন পরিবেশেই বিদায় জানানো হলো প্রধান শিক্ষক অসিম কুমার ম-লকে।

আজ বিকেলে উপজেলার সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাওয়া এই শিক্ষককে সম্মান জানাতে ব্যতিক্রমী আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রোস্তম আলী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানাউল হাবিব। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক অসিম কুমার ম-ল। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এই বিদ্যালয়ে কাটানো সময় আমার জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের যে ভালোবাসা পেয়েছি, তা কখনো ভোলার নয়।’

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানাউল হাবিব বলেন, ‘বিদায় শব্দটি ছোট হলেও এর বেদনা অনেক গভীর। আমি আগে বদলগাছী উপজেলায় দায়িত্ব পালন করেছি। সেই সূত্রে অসিম কুমার ম-লের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। তিনি ছিলেন কর্মবান্ধব, শিক্ষার্থীপ্রেমী এবং দায়িত্বশীল একজন প্রধান শিক্ষক।’

অভিভাবক মোহাম্মদ মকুল হোসেন বলেন, ‘অসিম কুমার ম-ল এই বিদ্যালয়ের উন্নয়নে যে অবদান রেখেছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি নিজের সন্তানের মতো করে প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছেন। আজ তাঁর বিদায়ে আমরা সত্যিই আবেগাপ্লুত।’

সাবেক শিক্ষার্থী বুলবুল আহমেদ বলেন, ‘স্যার শুধু আমাদের শিক্ষক নন, তিনি আমাদের জীবনের পথপ্রদর্শক। আমি যেমন তাঁর ছাত্র, আমার সন্তানও তাঁর ছাত্র। বিদ্যালয়ে আর তাঁকে নিয়মিত দেখা যাবে না,এটাই সবচেয়ে কষ্টের।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক অদিতি সীল বলেন, ‘স্যার আমাদের কাছে একজন অভিভাবকের মতো ছিলেন। তাঁর বিদায় মেনে নেওয়া কঠিন। মনে হচ্ছে, বিদ্যালয়ের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।’

অনুষ্ঠান শেষে ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে করে বিদায়ী শিক্ষককে বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়। গাড়িটি ধীরে ধীরে বিদ্যালয়ের সীমানা ছাড়িয়ে গেলে অনেকেই পথের পাশে দাঁড়িয়ে শেষবারের মতো প্রিয় শিক্ষককে বিদায় জানান।

একজন শিক্ষক কর্মস্থল থেকে অবসর নেন, কিন্তু তাঁর শিক্ষা, আদর্শ ও কর্মের স্মৃতি থেকে যায় প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে। সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার ম-লের বিদায় অনুষ্ঠান যেন সেই সত্যকেই আরও একবার স্মরণ করিয়ে দিল।