শিরোনাম

মেহেরপুর, ২৩ জুন ২০২৬ (বাসস) : মেহেরপুর পৌরসভার ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনাবিষয়ক এক কর্মশালা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে 'রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট' প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মেহেরপুর পৌরসভার প্রশাসক তরিকুল ইসলাম আজ দিনব্যাপী পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা এ কর্মশালায় অংশ নেন। এতে অংশগ্রহণকারীদের মতামত ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণমূলক পদ্ধতিতে মোট চারটি দলে ভাগ করে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা পৌর এলাকায় বিদ্যমান বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
আয়োজকরা জানান, এই মেগা প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫,৯০১.২২ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করছে ১,৬৪১.৬২ কোটি টাকা এবং অবশিষ্ট অর্থ বিশ্ব ব্যাংক সহায়তা হিসেবে প্রদান করছে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট' প্রকল্পের পরিবেশ বিশেষজ্ঞ ও ভারপ্রাপ্ত টিম লিডার আহসান ইমাম, পরিবেশ বিশেষজ্ঞ মাহমুদা খাতুন, পরামর্শক ও নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হাসিবুল হক, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তরিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, মেহেরপুরের সিভিল সার্জন ডা. আবু সাইদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র, পৌর প্রকৌশলী মাসুদ রানা প্রমুখ।