বাসস
  ২৩ জুন ২০২৬, ১৮:২২

গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতি সভা

ছবি : বাসস

গোপালগঞ্জ, ২৩ জুন, ২০২৬ (বাসস) : জেলার মুকসুদপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

মেডিকেল অফিসার ডা. দীপ সাহার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মেহের মামুন, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া প্রমুখ।

সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিস্তারিত কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বলেন, ‘আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।’

তিনি আরও জানান, এবারের ক্যাম্পেইনে মুকসুদপুর উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৪২৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৩ হাজার ৯৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রসহ মোট ৪০৯টি কেন্দ্রে ৮১৮ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে এ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে পরিচালনা করা হবে।