বাসস
  ২৩ জুন ২০২৬, ১৮:১৭

ঠাকুরগাঁওয়ে ২২ হাজার কৃষককে প্রণোদনা হিসেবে ধান বীজ ও সার দেওয়া হবে  

ছবি : বাসস

ঠাকুরগাঁও, ২৩ জুন ২০২৬ (বাসস): খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলার ২২ হাজার কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে ধানের বীজ ও সার বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে আজ জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম জেলার সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে আজ দুপুরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। ঠাকুরগাঁওয়ে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কর্মসূচি শুরু করা হয়। 

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবির জানান, এই প্রণোদনার আওতায় জেলার ২২ হাজার কৃষক ৩ হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদের জন্য ১১০ মেট্রিক টন বীজ এবং ২২০ মেট্রিক টন করে ডিএপি ও এমওপি সার পাবেন। এর মাধ্যমে ১০ হাজার ৬২০ মে. টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা জেলায় এবং জাতীয়ভাবে খাদ্য উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসিরুল আলম রনি বলেন, সদর উপজেলার পৌরসভাসহ ২২ টি ইউনিয়নের ৭ হাজার কৃষক সরকারি প্রণোদনার আওতায় এই বীজ সার পাবেন। প্রণোদনার মাধ্যমে প্রত্যেক কৃষক ১ বিঘা জমিতে আবাদের জন্য পাবেন ৫ কেজি করে ধানবীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার। এই উপজেলায় সরকারি প্রণোদনার আওতায় মোট ৯৩৬ হেক্টর জমির জন্য ৭ হাজার কৃষক ৩৫ মেট্রিক টন বীজ পাবেন এবং ৭০ মেট্রিক টন ডিএপি ও এমওপি সার পাবেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহার রঞ্জন রায়, কৃষি সম্প্রসারণ অফিসার আবু আব্দুল্লাহ আল মুজাহিদসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।