শিরোনাম

নড়াইল, ২৩ জুন ২০২৬ (বাসস) : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আগামী ২৮ জুন জেলার ৯৯ হাজার ৭ শত ২৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নড়াইলে জেলা পর্যায়ে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় একথা জানানো হয়। আজ বেলা ১১টার দিকে নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং সিভিল সার্জন কার্যালয় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সারাদেশের মতোই নড়াইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার ৩টি পৌরসভা ও ৩৯টি ইউনিয়নে এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৮শ ৪৪ জন শিশুকে ১লক্ষ আইইউ ক্ষমতাসম্পন্ন নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার ৮শ ৮২ জন শিশুকে ২লক্ষ আইইউ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ২০টি কেন্দ্রে ২ হাজার ৪০ জন স্বেচ্ছাসেবক, ২৫০ জন কর্মী ও ১২০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
সভায় বক্তারা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব এবং তা সফলভাবে বাস্তবায়নের ওপর দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব রোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। জেলার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মী ও স্বেচ্ছাসেবীসহ সংশ্লিষ্ট সবাইকে শতভাগ দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি এ নিয়ে কেউ যাতে বিভ্রান্তি না ছড়ায় সে বিষয়েও সবাইকে সজাগ থাকার অনুরোধ জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আলিফ নূর, নড়াইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ, লোহাগড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত, কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়েব, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. রুবেল শেখ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু বাকির রিয়াজুল হক, জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার প্রমুখ।
সভায় কর্মপরিকল্পনা ও মূল ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।