শিরোনাম

রাজবাড়ী, ২৩ জুন, ২০২৬ (বাসস) : পদ্মা নদীর তীব্র ভাঙনের কবল থেকে দৌলতদিয়া ফেরিঘাট ও আশপাশের জনবসতি রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যাপক ডাম্পিং কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাজনীমুর রহমান বাসস’কে জানান, সম্প্রতি উজান থেকে নেমে আসা ঢল ও নদীর প্রবল স্রোতের কারণে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন প্রায় সাড়ে ৬০০ ফুট এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। এতে বেশ কয়েকটি বসতভিটা ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং প্রায় ৩০০ পরিবারের মানুষ ভাঙনের হুমকির মুখে পড়েন।
তিনি বলেন, ভাঙনের ঝুঁকি থেকে জনবসতি, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট রক্ষায় পাউবোর উদ্যোগে গতকাল সোমবার বিকেলে জরুরি ভিত্তিতে ডাম্পিং কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় প্রায় ৩২ হাজার বালুভর্তি জিওব্যাগ ও বালির বস্তা নদীতে নিক্ষেপের মাধ্যমে তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে। সোমবার বিকেল থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
পাউবো সূত্র জানায়, ডাম্পিং কার্যক্রম সম্পন্ন হলে নদীভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং ফেরিঘাটের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় জনসাধারণের বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা সুরক্ষিত থাকবে।
ডাম্পিং কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি ঘাট উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন ।