বাসস
  ২৩ জুন ২০২৬, ১৬:৪৬

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাদারীপুরে কড়া নিরাপত্তা

ছবি : বাসস

মাদারীপুর, ২৩জুন,২০২৬(বাসস): নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মাদারীপুরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

আজ মঙ্গলবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে ৫ শতাধিক অতিরিক্ত পুলিশ সদস্য।

এদিকে জেলার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান সড়কগুলোতে শোডাউন করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু বলেন, "আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বিএনপি ও যুবদল তাদের এই অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে রয়েছে। জনগণের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সতর্ক অবস্থানে আছি।"

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরদার বলেন, "আওয়ামী লীগ অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। 
মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা সব ধরনের পদক্ষেপ নেব। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।’

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও র‌্যাব কাজ করছে। জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবিকে প্রস্তুত রাখা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় তাদের মাঠে নামতে হয়নি।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।