বাসস
  ২৩ জুন ২০২৬, ১৬:৩৮

ঝালকাঠিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছবি : বাসস

ঝালকাঠি, ২৩ জুন ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও সার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর ১ টায় সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় একহাজার পাঁচশ’ জন উপকারভোগী কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হয়। 

এছাড়া কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে ৬ টি গ্রুপে কৃষকদের মধ্যে মোট দুইহাজার চারশ’ ৫৭ টি ফলদ ও ঔষধি গাছের চারা এরং ৫০ কেজি করে জৈব সার, বাঁশের খুঁটি বিতরণ করা হয়। পরে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল আলম জোমাদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।